এসআইআরে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে !

মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের, আর ভোটার তালিকা থেকে নাম বাদ গেল দাদার।

বিশ্বজিৎ মণ্ডল, সাংবাদিক  :  একেই বলে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে। মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের, আর ভোটার তালিকা থেকে নাম বাদ গেল দাদার। ফলে সরকারি কর্মচারী দাদা পড়েছেন চরম বিপাকে। আর বাড়িতে এসআইআর-এ ফর্ম হাজির মৃত ছোট ভাইয়ের। জীবিত সরকারি কর্মী দাদার ফর্ম না আসায় চিন্তায় পড়েছেন ভৌমিক পরিবারের সদস্যরা। এককথায় দিশেহারা মালদার হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী গ্রাম পঞ্চায়েতের কচু পুকুর  ২২৮ নম্বর বুথের এই পরিবারের সদস্যরা।

মালদার হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী অঞ্চলের কচু পুকুরের ২২৮ নম্বর বুথের বাসিন্দা সৌমিক ভৌমিক, ৩৯ বছর বয়সী সৌমিক কেন্দ্রীয় সংস্থার বীমা দফতরে কর্মরত। তিনি বসবাস করেন বুলবুল চণ্ডীর কচু পুকুর এলাকায়। বাড়িতে সৌমিক ছাড়াও বর্তমানে বসবাস করেন তার বাবা, মা ও স্ত্রী। তাঁর আরও এক ভাই ছিল স্বস্তিক ভৌমিক। গত ২০২০ সালে এক দুর্ঘটনায়  মৃত্যু হয় স্বস্তিকের। এরপর বাড়ি থেকে বিভিন্ন দফতরে জানিয়ে দেওয়া হয়। এমনকি আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড যথারীতি সব বাতিল হয়ে যায় । কিন্তু বারবার জানানো সত্ত্বেও ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি স্বস্তিকের। উল্টে দেখা যায় ০৬- ০১ – ২০২৫ তারিখে প্রকাশিত ভোটার লিস্টে জীবিত দাদা সৌমিককে মৃত দেখানো হয়েছে। আর মৃত ভাই স্বস্তিককে জীবিত দেখানো হয়েছে। কিন্তু ১২-১১-২৪ তারিখে প্রকাশিত ভোটার লিস্টে দেখা যাচ্ছে দুই ভাই জীবিত। পাশাপাশি যখন ভৌমিক পরিবারের কাছে SIR ফর্ম আসে তখন দেখা যায় মৃত ছেলের ফর্ম এসেছে। কিন্তু জীবিত ছেলে সৌমিকের ফর্ম নেই। আর এরপর থেকেই ঘুম উড়েছে পুরো পরিবারের।

সবমিলিয়ে নির্বাচন কমিশন এসআইআর ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে বিএলওদের মধ্যে। কোনও কোনও বিএলও অনেক পরিশ্রম করে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছেন, আবার জমাও নিচ্ছেন। আবার একাধিক বিএলওর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও উঠছে। এরইমধ্যে একাধিক অনভিপ্রেত ঘটনাও ঘটছে এসআইআর আবহে। এসআইআরের কাজের চাপে বিএলওর আত্মহত্যার অভিযোগ উঠেছে। আবার কাজের চাপে বিএলওকে হাউ হাউ করে কাঁদতে দেখা যাচ্ছে, সেই ভিডিও আবার ভাইরালও হচ্ছে।

উল্লেখ্য এইসব অভিযোগ সামনে এনে কেন্দ্র তথা বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ভোট কেটে ২০২৬-এর নির্বাচনে জিততে চাইছে বলে অভিযোগ তুলছে জোড়াফুল শিবির। সেই চাপে বিএলও থেকে একাধিক নাম না ওঠা বাসিন্দারা আত্মহত্যা করছে বলে অভিযোগ তৃণমূলের।