“সুন্দর পিচাই দানব”- ট্রাম্পের মুখে অদ্ভূত প্রশংসা!

হোয়াইট হাউসে এ বার কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বৈঠক। আর সেই বৈঠকের ফাঁকেই গুগলের সিইও সুন্দর পিচাইকে নিয়ে রসিকতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাংবাদিকদের সামনে পিচাইকে ‘মনস্টার’ বা ‘দানব’ বলে সম্বোধন করলেন ট্রাম্প। তবে তাঁর কথার ধরন থেকেই স্পষ্ট, অপমান নয়— প্রযুক্তি দুনিয়ায় পিচাইয়ের বিপুল প্রভাব এবং সাফল্যের প্রশংসা করতেই এমন মন্তব্য। পিচাইও হাসতে হাসতে দিলেন পাল্টা জবাব, ‘‘আশা করি এর চেয়ে ভাল কোনও ট্যাগলাইন পাব!’’

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

মঙ্গলবার হোয়াইট হাউসে একাধিক শীর্ষ প্রযুক্তি কর্তার সঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন ট্রাম্প। সেখানে ছিলেন সুন্দর পিচাই, মেটার মার্ক জ়ুকারবার্গ, এনভিডিয়ার জেনসেন হুয়াং, ওপেনএআই-এর গ্রেগ ব্রকম্যান, অ্যানথ্রপিকের ডারিও আমোদেই এবং ইলন মাস্ক-সহ প্রযুক্তি দুনিয়ার একাধিক পরিচিত মুখ।

বৈঠকের পরে সাংবাদিকদের সামনে পিচাইকে কথা বলতে ডাকেন ট্রাম্প। পিচাই কথা শুরু করার আগেই ট্রাম্প বলেন, ‘‘এই লোকটা (পিচাই) একটা মনস্টার। অথচ তাঁকে কেউ চেনেও না। প্রচারের আলোর বাইরে কী চমৎকার জীবন।’’ তার পরেই প্রযুক্তি কর্তাদের জীবনযাপন নিয়েও মজা করেন তিনি। পিচাইয়ের উদ্দেশে ট্রাম্পের বার্তা, ‘‘শুধু সুন্দর— নামটা মনে রাখবেন।’’ পিচাই তখন হাসতে হাসতে তাঁর ‘মনস্টার’ তকমা নিয়ে রসিকতা করেন।

একই অনুষ্ঠানে অ্যানথ্রপিকের সিইও ডারিও আমোদেইকেও মজা করে সতর্ক করেন ট্রাম্প। আমোদেই অতীতে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য বিপদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে এ দিন তিনি বলেন, এআই-এর দৌড়ে এগিয়ে থাকা জরুরি, আবার সেই প্রযুক্তিকে নিরাপদ রাখতেও একসঙ্গে কাজ করতে হবে।

বৈঠকের মূল বিষয় ছিল এআই নিরাপত্তা। ট্রাম্প এবং প্রযুক্তি সংস্থাগুলির কর্তারা একটি স্বেচ্ছাসেবী চুক্তিতে সম্মত হয়েছেন। সেখানে এআই ব্যবস্থার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, স্বাধীন সংস্থার মাধ্যমে অডিট এবং বোর্ড স্তরে নজরদারির মতো ব্যবস্থার কথা রয়েছে। ট্রাম্প চুক্তিটিকে ‘নৈতিক ভাবে বাধ্যতামূলক’ বলে বর্ণনা করলেও এটি আইনত বাধ্যতামূলক সরকারি বিধি নয়।

এর পাশাপাশি ট্রাম্পের প্রশাসন সরকারি নথিতে ‘Artificial Intelligence’ এবং ‘AI’-এর বদলে ‘Super Intelligence’ ও ‘SI’ শব্দ ব্যবহারের নির্দেশ দিয়েছে।