আবারও বাড়ল উচ্চশিক্ষায় ভর্তির সময়সীমা। অভিন্ন পোর্টালের মাধ্যমে স্নাতকে ভর্তির জন্য আবেদনের সময়সীমা বাড়ল ৩০ জুলাই পর্যন্ত। এখনও পর্যন্ত ৩ লক্ষ ৫৬ হাজারের মত শিক্ষার্থী আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর।
নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি

৩০ জুলাই পর্যন্ত বাড়ল স্নাতকে ভর্তির জন্য আবেদনের সময়সীমা। ১ জুলাই এর পর ১৪জুলাই এর পর ২৫ জুলাই পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। এবার আরও একবার সময়সীমা বাড়ানো হল। সূত্রের খবর, ১৪ জুলাই পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৪৮ হাজার আবেদন করে। ২৫ জুলাই পর সেটা প্রায় ৩ লক্ষ ৫৬ হাজারের মত আবেদনকারী। অর্থাৎ আগের বারের থেকে, আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা আট হাজার বেশি। এখনও যেসমস্ত শিক্ষার্থীরা আবেদন করেননি তাদের সুবিধার্থে আবারও বড়ল সময়সীমা। ৩০ জুলাই পর্যন্ত ছাত্রছাত্রীরা স্নাতকে আবেদন করতে পারবে।

সূত্রের খবর, সুপ্রিম কোর্টে ওবিসি মামলা বারবার পিছিয়ে যাওয়ার কারণে ভর্তির সময়সীমা বাড়ানো হচ্ছে। প্রথমে ১ জুলাই থেকে ১৫ জুলাই, তারপরে ২৫ জুলাই পর্যন্ত দিন বাড়ানো হয়েছে। শেষবার তা করা হলো ৩০ শে জুলাই। ১অগস্ট থেকে শুরু হওয়ার কথা প্রথম বর্ষের প্রথম সেমেস্টারের ক্লাস। কিন্তু এই যে বারবার স্নাতকে ভর্তির সময়সীমা বাড়ানো হচ্ছে তাতে স্নাতকে ২০২৫ শিক্ষাবর্ষে ক্লাস শুরুর ক্ষেত্রে অনিশ্চয়তা বাড়বে বলে আশঙ্কা শিক্ষকমহলের একাংশের।

পশ্চিমবঙ্গের ১৬টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ মিলিয়ে প্রায় ৪৬১টি কলেজে স্নাতকে ভর্তির জন্য আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। ৪৭৭টি কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে আসন সংখ্যা ৯ লাখ ৪৮ হাজার ৭৩৭ । এখনও পর্যন্ত আবেদনকারীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজারের মত। শিক্ষকমহলের আশঙ্কা এবার স্নাতকে বিপুল সংখ্যক আসন ফাঁকা থেকে যেতে পারে। কারণ, এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী পাশ করেছে ৪ লাখ ৩০ হাজার ২৮৬ জন। গত বছর সেই সংখ্যা ছিল ৬ লাখ ৭৯ হাজার ৭৮৪ জন।