২১জুলাই শহিদ দিবস। এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে যোগদান করবে ২১ জুলাই-এর সমাবেশ। তাই এদিন যানজট এড়াতে একাধিক বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে এদিন অনিবার্যকারণ দেখিয়ে পরীক্ষার দিন বদল করল সিধু-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নাজিয়া রহমান, নিজেস্ব প্রতিনিধিঃ প্রতিবছরের মতো এবারও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস পালন করা হবে। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি কর্মসূচি ঘোষণা করেন সেদিকে তাকিয়ে তৃণমূল কর্মী সমর্থকেরা। বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যোগ দেন এই একুশে জুলাই-এর সমাবেশে। এবার ২১ জুলাই পড়েছে সপ্তাহের প্রথমদিন, সোমবার। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে এই সমাবেশ হওয়ায় কলকাতা ও তার আশপাশের অঞ্চলে যানজটের আশঙ্কা করছেন অনেকেই। একুশে জুলাই সিধু-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা ছিল স্নাতক স্তরের দ্বিতীয় সেমেস্টার। তবে অনিবার্যকারণে পরীক্ষার দিন বদল করা হল বলে বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানালেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২১ জুলাই -এর পরীক্ষা হবে ২৫ জুলাই।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের বক্তব্য, “রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলের ২১শে জুলাই একটা বার্ষিক সমাবেশ হয় কলকাতায়। তার জন্য সুদূর পুরুলিয়ায় অবস্থিত একটা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে দিতে হবে! রাজ্যের শিক্ষা ব্যবস্থায় রাজনীতি কি ভয়ঙ্করভাবে অনুপ্রবেশ ঘটেছে। তাছাড়া কলকাতার কিছু বেসরকারি স্কুল ও ঐদিন ছুটি দিচ্ছে। এটা কি আনুগত্য দেখানোর জন্য না অন্য কোনো অসুবিধা আছে।”

অন্যদিকে ২১ জুলাই সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল খোলা থাকলেও শহরের বেশ কয়েকটি বেসরকারি স্কুল ওই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যানজট এড়াতে যেসব বেসরকারি স্কুলগুলি বন্ধ থাকবে বলে জানা গেছে, ক্যালকাটা গার্লস, সেন্ট জেমস, প্র্যাট মেমোরিয়াল, ডিপিএস মেগাসিটি এবং রুবি পার্ক। তবে বেশ কয়কেটি স্কুল এদিন অনলাইন ক্লাস করানোর কথা ভেবেছে আবার কোনও কোনও স্কুল সময় পরিবর্তন করেছে। যেসমস্ত স্কুলগুলি অনলাইনে ক্লাস নেওয়ার কথা ভেবেছে সেগুলি হল, লা মাটিনিয়ার বয়েজ ও গার্লস। স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২১জুলাই শহরে রাজনৈতিক মিছিল রয়েছে তাই নার্সারি থেকে দ্বাদশ শ্রণি পর্যন্ত অনলাইনে হবে।
লা মাটিনিয়ারের পাশাপাশি এইদিন অনলাইন ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে দ্য বিএসএস। অন্যদিকে সাউথ পয়েন্ট স্কুলের সেদিন ক্লাস বাতিল করা হয়েছে। স্কুলের তরফ থেকে জানানো হয়েছে অভিভাবকদের সঙ্গে বৈঠক রয়েছে তাই ক্লাস বন্ধ থাকবে। আবার ২১জুলাই এর দিন শ্রী শিক্ষায়তনের ক্লাস হলেও সাড়ে ১০টার মধ্যে স্কুল ছুটির কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।