ইউক্রেন যুদ্ধ থামাতে আমেরিকা-চিন একমত!

ইউক্রেন যুদ্ধ থামানো এবং ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে না দেওয়া—দুই প্রশ্নেই আমেরিকা ও চিনের স্বার্থ এক জায়গায়। বৃহস্পতিবার চিনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমনই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে দু’দেশই উদ্যোগী হতে চায়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

শি-র সঙ্গে বৈঠককে ‘অসাধারণ’ বলে দাবি করে ট্রাম্প বলেন, ‘‘রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ক্ষেত্রে আমরা দু’জনেই সাহায্য করতে চাই। যুদ্ধটা শেষ হোক—এটা আমরা দু’জনেই চাই।’’ তাঁর দাবি, প্রতি মাসে ওই সংঘাতে প্রায় ২৫ হাজার মানুষ, যার অধিকাংশই সেনা, নিহত হচ্ছেন। তাই দ্রুত কূটনৈতিক পথে সংঘাতের অবসান প্রয়োজন বলেই মনে করছেন তিনি।

তবে শুধু ইউক্রেন নয়, ইরান নিয়েও ওয়াশিংটন এবং বেজিংয়ের মধ্যে ঐকমত্যের কথা জানিয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং ইরান যাতে পরমাণু অস্ত্র হাতে না পায়—দুই বিষয়েই আমেরিকা ও চিন ‘‘খুবই দৃঢ় ভাবে’’ একমত। মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে ট্রাম্পের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এরই মধ্যে বৈঠকে যোগ দেওয়ার কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও। ট্রাম্প জানিয়েছেন, পুতিন পরে তাঁদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসবেন। তার আগে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সংক্ষিপ্ত কথাবার্তাও হয়েছে তাঁর। সেই আলোচনাতেই পরবর্তী বৈঠকের ‘মঞ্চ প্রস্তুত’ হয়েছে বলে দাবি ট্রাম্পের।

ইউক্রেন যুদ্ধ, ইরানের পরমাণু কর্মসূচি, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং বিশ্ব বাণিজ্য—একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু ঘিরে তিন শক্তিধর দেশের এই ত্রিপাক্ষিক আলোচনা তাই নজরে। এপেকের মঞ্চে ট্রাম্প-শি-পুতিনের সম্ভাব্য বৈঠক শেষ পর্যন্ত কূটনৈতিক সমীকরণে কতটা বদল আনে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।