সোনারপুরে দুই নেত্রীর টক্কর !

সোনারপুর উত্তরে দুই নেত্রীর লড়াইয়ে চড়ছে নির্বাচনী উত্তাপ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। এই কেন্দ্রে চতুর্থ বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরদৌসী বেগম। অন্যদিকে, একই কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য লড়াইয়ে নেমেছেন বামফ্রন্ট প্রার্থী মোনালিসা সিনহা।

এই দুই নেত্রীর মুখোমুখি লড়াইয়ে ইতিমধ্যেই জমে উঠেছে নির্বাচনী আবহ। দু’পক্ষই জোর দিয়েছে বাড়ি বাড়ি প্রচারে—পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, শুনছেন তাঁদের সমস্যার কথা।

বাম প্রার্থী মোনালিসা সিনহার অভিযোগ, এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, তোলাবাজির ভয়ে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ, পাশাপাশি রয়েছে পানীয় জলের সমস্যাও। তাঁর দাবি, তিনবারের বিধায়ক হয়েও ফিরদৌসী বেগম উন্নয়নের কাজ করতে ব্যর্থ হয়েছেন।

অন্যদিকে, এই অভিযোগকে উড়িয়ে দিয়ে তৃণমূল প্রার্থী পাল্টা কটাক্ষ করে বলেন, সারা বছর মানুষের পাশে দেখা যায় না বাম প্রার্থীকে—শুধুমাত্র ভোট এলেই এলাকায় সক্রিয় হন।

দুই মহিলার এই রাজনৈতিক লড়াইকে ঘিরে আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে সোনারপুর উত্তর বিধানসভা জুড়ে।