অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্যের জের, গ্রেফতার বসিরহাটের এক যুবক।
শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করার অভিযোগে গ্রেফতার বসিরহাটের এক যুবক। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার মুন্সি বাগান এলাকায়। ধৃত যুবকের নাম সুমন মণ্ডল। সম্প্রতি রাজ্যজুড়ে তৃণমূলের বিজয়া সম্মিলনী চলছে। আর এই বিজয়া সম্মিলনীতে অংশগ্রহণ করে বসিরহাটের ভ্যাবলা স্কুল মাঠে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়েই সুমন মণ্ডল তার ফেসবুক পোস্টে কুরুচিকর মন্তব্য করেছেন। অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে এই মন্তব্যের জেরেই বসিরহাট থানায় অভিযোগ দায়ের হয় অভিযুক্ত সুমন মণ্ডলের বিরুদ্ধে। তদন্তে নেমে মঙ্গলবার রাতেই বসিরহাট থানা এলাকা থেকে সুমন মণ্ডলকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। ধৃতকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কুরুচিকর মন্তব্যের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বেশ কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার ব্যবহার না জেনে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করে থাকেন। একইরকম অভিযোগ ওঠে এই অভিযুক্ত সুমন মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্ত নামে পুলিশ।

তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বসিরহাটের ভ্যাবলা মাঠে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে উপস্থিত হওয়া নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য করেছেন। প্রসঙ্গত, রাজ্যজুড়ে বেশ কয়েকবছর ধরে বিজয়া সম্মিলনী করে আসছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ২০২৫-এর পুজো শেষে কার্নিভালের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিটি ব্লকেই এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান করছে তৃণমূল। আর তাতেই বলিউডের বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীদের দেখা যাচ্ছে এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে। অভিনেতা-অভিনেত্রীদের দেখতে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ভিড় জমাচ্ছেন এলাকার সাধারন মানুষ। তেমনি একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হওয়ার কথা বসিরহাটের ভ্যাবলা গ্রামের আর এন মুখার্জি হাই স্কুলের মাঠে। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তৃণমূলের অন্যান্য নেতাদের পাশাপাশি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর। বসিরহাটের ভ্যাবলা মাঠে এই শ্রাবন্তী চ্যাটার্জির অতিথি হওয়া প্রসঙ্গে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে সুমন মণ্ডলের বিরুদ্ধে। আর সেই কারণেই তদন্তে নেমে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে বসিরহাট মহাকুমা আদালতে পাঠানো হয়েছে।

আগামীদিনেও এমন ঘটনা ঘটলে, কড়া পদক্ষেপ নেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ কর্তারা। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেও তা সংযত হয়েই ব্যবহার করুন।