উত্তপ্ত নেপালে বাড়ছে অশান্তি, ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা জারি কেন্দ্রের

নেপাল জুড়ে বিদ্রোহের আগুন জ্বলছে। ঠিক যেন বাংলাদেশের পুনরাবৃত্তি। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। এবার এই আবহে সেই দেশে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা কেন্দ্রের।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান পরিস্থিতিতে নেপালে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দিল ভারত সরকার। পাশাপাশি, বিবৃতি জারি করা হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। মঙ্গলবার সকালে ভারত সরকার সেদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য একটি বিশেষ বিবৃতি জারি করে। ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং একাধিক প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছে কেন্দ্র।

কেন্দ্রের তরফে জারি করা বিবৃতিতে নেপালকে ‘ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী’ বলে উল্লেখ করা হয়েছে এবং সোমবারের ঘটনা নিয়ে উদ্বেগপ্রকাশও করেছে নয়াদিল্লি। একই সঙ্গে ওই বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান হবে বলে ভারত আশাবাদী। এই মুহূর্তে নেপালে থাকা ভারতীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনের নিয়মাবলি মেনে চলতে বলা হয়েছে ভারতীয়দের।

জারি করা বিবৃতিতে নেপালে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়েছে যে যতদিন না নেপালের পরিস্থিতি শান্ত না হচ্ছে ততদিন কোন জায়গায় ভ্রমণ করা থেকে বিরত থাকতে। কোন নিরাপদ আশ্রয়ে আপাতত চলে যাওয়ার কথা বলা হয়েছে। রাস্তাঘাটে যত সম্ভব কম বেরনোর নির্দেশের পাশাপাশি নেপাল কর্তৃপক্ষ এবং কাঠমান্ডুতে থাকা ভারতীয় এমব্যাসির নির্দেশ মেনে চলার কথাও বলা হয়েছে। কোন রকম প্রয়োজন হলে ভারতীয় এমব্যাসিতে যোগাযোগের কথাও বলা হয়েছে।

ভারতের উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য নেপালের সীমান্তবর্তী। নেপালের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে পাঁচ রাজ্যেই সীমান্তে তৎপরতা বেড়েছে। আশপাশের এলাকায় সন্দেহজনক কাউকে দেখলেই পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশি করা হচ্ছে। কোনও ভাবেই যাতে নেপালের আন্দোলনের আঁচ ভারতে না পড়ে, সে জন্য কেন্দ্র ও রাজ্যের তরফে একাধিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি হয়েছে হাই অ্যালার্ট। ভারতের তরফে প্রতিবেশী দেশের সঙ্গে বেশির ভাগ সীমান্তে বড় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শিলিগুড়ির পানিট্যাঙ্কিতেও থমথমে পরিবেশ। মঙ্গলবার সকাল থেকেই সেখানে নাকাতল্লাশি শুরু করেছে পুলিশ।