ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানান, হরমুজ় প্রণালী খুলে দিতে রাজি হয়েছে ইরান।

মাম্পি রায়, সাংবাদিক : মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতিতে আপাতত স্বস্তির ইঙ্গিত। যুদ্ধবিরতি ঘোষণা হতেই নিজেদের কূটনৈতিক সাফল্যের দাবি করল ইরান (Iran)। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, আপাতত দু’সপ্তাহের জন্য সংঘর্ষ থামাতে সম্মত হয়েছে দুই দেশ। ইতিমধ্যেই ইরানের পাঠানো ১০ দফা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই আচমকা এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানান, হরমুজ় প্রণালী খুলে দিতে রাজি হয়েছে ইরান। এর বিনিময়ে আমেরিকাও আপাতত সামরিক অভিযান বন্ধ রাখছে। এই সিদ্ধান্তকে ‘দু’তরফেই যুদ্ধবিরতি’ বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, ইরানের দেওয়া শর্তগুলির বেশির ভাগই আলোচনার ভিত্তিতে মেনে নেওয়ার পথে এগোচ্ছে দুই দেশ।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের (Pakistan) মাধ্যমে ওয়াশিংটনের কাছে এই ১০ দফা প্রস্তাব পাঠানো হয়েছে। শর্তগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল,
১. হরমুজ় প্রণালী খোলা হলেও তার নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই।
২. ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে বলেও দাবি করা হয়েছে
৩. উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সেনাঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করতে হবে
৪. সাম্প্রতিক সংঘাতে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং আন্তর্জাতিক স্তরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও রয়েছে ওই প্রস্তাবে।

এছাড়াও, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে গৃহীত প্রস্তাবগুলি বাতিল করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নরসের সিদ্ধান্ত খারিজ করা এবং ইউরেনিয়াম কর্মসূচিতে বাইরের হস্তক্ষেপ না করার বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করেছে তেহরান। ইরানের দাবি, তাদের উপর আরোপিত প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইজ়রায়েলের আকস্মিক হামলার পর সংঘাতে জড়িয়ে পড়ে আমেরিকাও। পাল্টা জবাব দেয় ইরান। তারপর থেকেই এক মাসের বেশি সময় ধরে টানা সামরিক সংঘাত চলে, যার জেরে অশান্ত হয়ে ওঠে গোটা পশ্চিম এশিয়া। পরিস্থিতি আরও জটিল করে তোলে হরমুজ় প্রণালী অবরোধের ঘোষণা, যা বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের আশঙ্কা ব্যাপকভাবে বাড়িয়ে দেয়।
যুদ্ধ পরিস্থিতির মধ্যেই হরমুজ় প্রণালী খুলতে হবে বলে ট্রাম্প ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন ইরানকে। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই সংঘাত স্থগিতের সিদ্ধান্তে পৌঁছয় দুই দেশ। আপাতত দু’সপ্তাহের এই যুদ্ধবিরতি ভবিষ্যতের কূটনৈতিক সমাধানের পথ খুলতে পারে কিনা, এখন সেটাই দেখার।