মিলন কর্মকার, নিজস্ব সংবাদদাতা: দশমীর দিন থেকে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। দক্ষিণ বাঁকুড়ার খাতড়া মহকুমায় বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দপুর ব্লকের ভেদুয়াসোল গ্রাম। হঠাৎ বৃষ্টির জেরে একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে। বন্ধ বাঁকুড়া – খাতড়া রাজ্য সড়ক। ব্যহত যান চলাচল।

দশমীর দিন থেকে জেলায় জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। হাওয়া অফিস সূত্রে জানতে পারা যাচ্ছে, আগামী সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। বৃষ্টিপাতের জেরে বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক বন্ধ হয়ে গিয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে রাজ্য সড়ক সংলগ্ন একাধিক গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের পাশে উঁচু রাস্তার মাঝখান দিয়ে নিকাশি পাইপ রয়েছে। কিন্তু তা আকারে অত্যন্ত ছোট এবং দীর্ঘদিন ধরে কোনওরকম সংস্কার হয়নি। সামান্য বৃষ্টি হলে সেই জল সরু পাইপ দিয়ে বেরোতে পারে না। ফলে বৃষ্টি হলেই গোটা গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। গ্রামবাসীরা বহুবার বড় কালভার্টের দাবি জানিয়েছে। তা সত্বেও প্রশাসন সক্রিয়তা দেখায়নি। ফলত, অল্প বৃষ্টিতেই বানভাসি হয়ে পড়ছে গোটা গ্রাম।

শুক্রবার ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রশাসনের গাফিলতির প্রতিবাদে বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বিশেষ করে গ্রামের মহিলারা পুলিশ ও প্রশাসনের কর্মীদের সামনে তীব্র বিক্ষোভ দেখান। রাস্তা অবরোধের কারণে দীর্ঘক্ষণ যানজটের পরিস্থিতি তৈরি হয়।
অবশেষে পুলিশ এসে অবরোধ তুলতে গেলে গ্রামবাসীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও স্থানীয়রা স্পষ্ট জানিয়েছেন, সমস্যার স্থায়ী সমাধান ছাড়া আন্দোলন থামানো হবে না। প্রতিবছরই এই জল যন্ত্রণা তারা আর সহ্য করতে পারছেন না।
প্রশ্ন উঠছে এত বছর ধরে একটি বড় নিকাশি কালভার্ট তৈরি করতে কেন এতটা উদাসীন প্রশাসন ? সামান্য বৃষ্টিতেই যদি গোটা গ্রাম প্লাবিত হয়, তবে বর্ষাকালে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা খানিকটা হলেও স্পষ্ট হয়ে গিয়েছে।