বাগদান সেরে ফেলেছেন দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মন্দানা এবং অভিনেতা বিজয় দেবরকোন্ডা। বিয়ের আগেই ঝামেলা-বোঝাপড়া নিয়ে কি বললেন অভিনেত্রী?

রিয়া হালদার, সাংবাদিক: গোপনে বাগদান তো সেরেই ফেলেছেন অভিনেত্রী। দীপাবলিও কাটিয়েছেন হবু বরের সঙ্গে। কিন্তু বিয়ে করছেন কবে? এসবের মাঝে আবার অভিনেত্রী এবং তার হবু বরের মধ্যে ঝগড়াঝাঁটি প্রসঙ্গও প্রকাশ্যে এসেছে। জোর জল্পনা চলছে নেটিজেনদের মধ্যে, কেমন হতে চলেছে অভিনেত্রীর দাম্পত্যজীবন? এতক্ষণে নিশ্চই ধরে ফেলেছেন কার কথা বলছি? ঠিকই বুঝেছেন, দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মন্দানা এবং অভিনেতা বিজয় দেবরকোন্ডার কথা বলছি। বিয়ের আগেই ঝামেলা-বোঝাপড়া নিয়ে কি বললেন অভিনেত্রী? চলুন আজ সে বিষয়েই আলোচনা করা যাক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সম্পর্কের বেশিরভাগ সময় ছোট ছোট বিষয় নিয়ে নাকি তাদের মধ্যে ঝগড়া হয় । কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন বা কার সঙ্গে কথা বলবেন না; এই প্রশ্নগুলো থেকেই নাকি শুরু হয় ভুল বোঝাবুঝি। অভিনেত্রীর মতে, এমন পরিস্থিতিতে দুই পক্ষকেই সমস্যায় পড়তে হয়। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তার জীবনসঙ্গীর মধ্যে কোন গুণগুলি তিনি খোঁজেন, রশ্মিকার উত্তর, ‘জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার পাশে থাকতে হবে। তার সঙ্গে থাকলে যেন নিরাপদ বোধ করি। তিনি আরও বলেন, ‘আমার জীবনসঙ্গীকে অবশ্যই সহানুভূতিশীল হতে হবে। মনে দয়া-মায়া থাকতে হবে, আর থাকতে হবে সম্মান ও যত্ন। সহানুভূতি না থাকলে একসঙ্গে পথ চলা কঠিন।’২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীতা গোবিন্দম’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তারা। পরে ‘ডিয়ার কমরেড’ ছবির মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আলোচনাও আরও জোরদার হয়। দক্ষিণী সিনেমায় বিজয় যেমন জনপ্রিয়, তেমনি ‘পুষ্পা’ ও ‘অ্যানিম্যাল’ এর সাফল্যের পর রাশমিকাও এখন ভারতের অন্যতম আলোচিত মুখ। আর ২০১৮ সাল থেকেই সম্পর্কে রয়েছেন রাশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা।

যদিও প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কখনও মন্তব্য করেননি ২জনের কেউই। তারা সব সময়ই নিজেদের ‘শুধু বন্ধু’ বলে উল্লেখ করেছেন। একাধিকবার তাদের একসঙ্গে রেস্তোরাঁয় কিংবা ছুটি কাটাতে দেখা গিয়েছে। কিন্তু ভক্তদের কৌতুহল অন্য জায়গায়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল ভিডিও পোস্ট করেন রাশমিকা। সেখানে দেখা যায়, পোষা কুকুরের সঙ্গে খেলছেন তিনি। তবে ভক্তদের নজর ছিল মূলত তার আঙুলের চকচকে আংটির দিকেই। অনেকেই মনে করছেন, এটি তাদের বাগদানের আংটি। শুক্রবার থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় ও রাশমিকার বাগদানের খবর ছড়িয়ে পড়ে। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও প্রথমে অনেকে মনে করেন বিষয়টি গুজব। কারণ, বাগদানের পুরো আয়োজনটি ছিল তাদের ব্যক্তিগত, তাই বাগদানের কোনো ছবিও প্রকাশ করা হয়নি। শনিবার বিজয় দেবেরাকোন্ডার ঘনিষ্ঠ সূত্রেই নিশ্চিত করা হয়, এটি গুজব নয়; সত্যিই বাগদান সেরেছেন তারা। গত ৩রা অক্টোবর হায়দরাবাদে স-পরিবারের উপস্থিতিতে আংটিবদল করেছেন তারা। ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই বিয়ের পরিকল্পনা রয়েছে এই তারকা যুগলের।