CM Mamata Banerjee Attack Amit Shah : “বাংলাতেই শুধু অনুপ্রবেশ হচ্ছে? কাশ্মীরে হচ্ছে না। তাহলে পহেলগাঁও হামলা কে করল? দিল্লি বিস্ফোরণ কে ঘটাল? আপনারা? ”

মাম্পি রায়, সাংবাদিক : “ভোটের আগে ডেলি প্যাসেঞ্জারি করতে আসেন তো, পরিযায়ী পাখি”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে নিয়ে এমনই একাধিক বিশেষণ শোনা যায় তৃণমূল নেতানেত্রীদের মুখে। এবার নাম না করে অমিত শাহকে দুর্যোধন, দুঃশাসন সহ একাধিক বিশেষণে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমস্ত আক্রমণের এবার পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন,” ভোট এলেই দুর্যোধন, দুঃশাসনরা আসেন। বাংলাতেই শুধু অনুপ্রবেশ হচ্ছে? কাশ্মীরে হচ্ছে না। তাহলে পহেলগাঁও হামলা কে করল? দিল্লি বিস্ফোরণ কে ঘটাল? আপনারা?”
সীমান্তে কাঁটাতার বসানোর পিছনেও রাজ্য সরকারকে দায়ী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নিয়ে পাল্টা মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ”রাজ্যে এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেয়নি। জমি না দিলে তারকেশ্বর, বিষ্ণুপুর লাইন কে করে গেছে ? মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছে। জমি না দিলে ইসিএলের জমিগুলি কয়লা তোলার জন্য কোথা থেকে আসত? বনগাঁ, পেট্রাপোলে জমি কে দিয়েছে ? ঘোজাডাঙ্গা, চ্যাংরাবান্ধায় জমি কে দিয়েছে? এমনকী অন্ডাল বিমানবন্দর, পানাগড়ের জমি কে দিয়েছে ?“
অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন অমিত শাহ। মঙ্গলবার তার জবাবে পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, “শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়? কাশ্মীরে হয় না?”
এরপর কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পহেলগাঁও হামলা কি আপনারা করেছিলেন? দিল্লিতেও তো কয়েকদিন আগে বিস্ফোরণ ঘটে গেল। বাংলা ছাড়া আর কোথাও যদি অনুপ্রবেশকারীরা না থাকে, তাহলে বিস্ফোরণ কি আপনারা ঘটালেন? যত দোষ বাংলার? ”
এছাড়া এসআইআর তালিকায় নাম না আসায় বহু বৃদ্ধ-বৃদ্ধাদের অসুস্থতা নিয়েও শুনানিতে অংশগ্রহণ করতে হচ্ছে। বাংলার বিভিন্ন প্রান্তে এই ছবি দেখা যাচ্ছে। যা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “৬০-৭০ বছরের বৃদ্ধ-বৃদ্ধাদের ডাকা হচ্ছে। পুরুলিয়ায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওরা বাবা-মাকে সম্মান করে না।”
একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে এসআইআরের শুনানি পর্ব চলছে। বহু মানুষ হিয়ারিংয়ের নোটিস পেয়েছেন। তালিকায় রয়েছেন বৃদ্ধ-বৃদ্ধা থেকে বিশেষ ক্ষমতাসম্পন্নরাও। স্বাভাবিকভাবেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা। সবমিলিয়ে হেনস্তা হতে হচ্ছে। তা নিয়ে ক্ষোভ উগরে সিইও দপ্তরে দ্বারস্থ হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে এই ইস্যুতেই কমিশনকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বললেন, “এসআইআর পর্বে ৫৮ থেকে ৬০ জনের মৃত্যু হয়েছে। গতকাল পুরুলিয়ায় একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসআইআর-এর কারণে এত মানুষ প্রাণ হারিয়েছে। ওরা বয়স্ক মানুষদের সম্মান করতে জানে না। ওরা বাবা-মায়েদের সম্মান করে না।”
তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত বলে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার প্রতিষ্ঠা করবে বিজেপি।” বাঁকুড়ার জনসভা থেকে পাল্টা শাহকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “ইউ মাস্ট রিজাইন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি পদত্যাগ করুন। উনি দুই-তৃতীয়াংশ ভোটে জিতবেন। কই এবার তো বলছেন না যে, ‘আব কি বার/২০০ পার ?’ বাংলায় ক্ষমতায় এসে গণতান্ত্রিকভাবে আপনাকে দেশ থেকে বার করে দেব।”