আগামী ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে গোটা রাজ্যে এই তিন দফার ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ৭ মে শেষ হচ্ছে বর্তমান রাজ্য সরকারের মেয়াদ। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তার আগেই রাজ্যে বিধানসভা নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর সেই লক্ষ্যেই জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের অন্দরে শুরু হয়ে গিয়েছে জোরদার প্রস্তুতি।
রাজনৈতিক মহল ও প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন মাত্র তিন দফাতেই সম্পন্ন হতে পারে।
কবে হতে পারে নির্বাচন?
সূত্রের খবর, আগামী ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে গোটা রাজ্যে এই তিন দফার ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল। আসন্ন নির্বাচনের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এরপরই নির্বাচন কমিশন চূড়ান্ত নির্ঘণ্ট ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্ভাব্য ৩ দফার নির্ঘণ্ট ও জেলা বিন্যাস:
খসড়া পরিকল্পনা অনুযায়ী, রাজ্যকে মূলত তিনটি ভৌগোলিক ভাগে ভাগ করে ভোটগ্রহণের পরিকল্পনা করা হচ্ছে:
প্রথম দফা: উত্তরবঙ্গের মোট ৮টি জেলা এই দফায় ভোটদানের সুযোগ পেতে পারে।
দ্বিতীয় দফা: দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ অংশ— কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং নদিয়া জেলায় দ্বিতীয় দফায় ভোট হতে পারে।
তৃতীয় দফা: জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চল সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় তৃতীয় দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।