দিঘার জগন্নাথ মন্দির নিয়ে গর্জে উঠলেন শঙ্করাচার্য

জগন্নাথ ধাম শুধুই পুরীতে, দিঘায় শুধুই জগন্নাথ মন্দির”, দাবি পুরীর শঙ্করাচার্যের

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : মাস দশেক আগে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে পুরীর জগন্নাথ মন্দিরের সাথে তুলনা করে একে জগন্নাথ ধাম বলছেন অনেকেই। কিন্তু পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মঙ্গলবার গঙ্গাসাগরে এসে এ বিষয়ে মুখ খুললেন। এদিন সাংবাদিক সম্মেলনে শঙ্করাচার্য বলেন, “জগন্নাথ মন্দির তৈরি করাটা প্রশংসনীয়। সেক্ষেত্রে কোনও আপত্তি নেই।  কিন্তু একে জগন্নাথ ধাম বানানো উচিৎ হয়নি।“

এছাড়াও একের পর এক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার থেকে শুরু করে গঙ্গাসাগরে ব্রিজ তৈরি, ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার, এসআইআর এসব নিয়েও মন্তব্য করেন তিনি। শঙ্কারাচার্য বলেন, “সময় ধরে নিখুঁতভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা উচিৎ। অবাঞ্ছিতদের এখানে রাখলে চলবে না। অবৈধভাবে দেশে থেকে বৈধ বাসিন্দাদের অধিকার থেকে যেন বঞ্চিত না করে তারা।“  

 গঙ্গাসাগরে মুড়িগঙ্গার উপর ব্রিজের শিলান্যাস করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্রিজ তৈরি হলে ফলে আরও বেশি পরিমাণ মানুষ ভিড় জমাবেন এই গঙ্গাসাগর মেলায়। গঙ্গাসাগর নিয়ে শঙ্করাচার্য  বলেন, “আজকাল তীর্থস্থানকে পর্যটনকেন্দ্র বানানোর মরিয়া যেটা চলছে। বিকাশের পরিভাষায় তীর্থস্থান লুপ্ত হয়ে যাবে। গঙ্গাসাগর তীর্থস্থান। এটাকে পর্যটন স্থল যাতে না করা হয়। “